
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলায় কোনো ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ দফা দাবিতে জামায়াত ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। তবে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জেনে পরীক্ষার্থীদের স্বার্থে সকালবেলার কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে দায়িত্বশীল অবস্থান থেকে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
জামায়াত জানায়, পরীক্ষার সময়সূচি বিবেচনায় সকালবেলার পরিবর্তে বিকেলে কর্মসূচি পালন করা হবে। এজন্য দেশের সব শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে— ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনোভাবেই বিক্ষোভ আয়োজন করা যাবে না, কর্মসূচি হবে কেবল বিকেলে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিসিএস পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে প্রস্তুতি নিতে ও পরীক্ষায় অংশ নিতে পারেন, সেই কামনা করছি। তারা সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। এতে অংশ নেবেন প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।