অ্যাডভোকেট শিরীনকে সব পদ থেকে অব্যহতি দিল এনসিপি

image 80

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর এবার অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শিরীন আক্তার শেলী এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক পদে দায়িত্বে ছিলেন। সোমবার এক বিজ্ঞপ্তিতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৪ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর তার বিরুদ্ধে আরও একটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে, যা প্রাথমিকভাবে সত্য বলে মনে হয়েছে। ফলে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত রবিবারই শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় এনসিপি। সেখানে বলা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মনে হয়েছে। তাই কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।