রাকসু নির্বাচন : আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদলের জিএস প্রার্থীর প্রচারণা

image 75

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে ক্লাসরুমে প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের আরবি বিভাগের ৩০৬ নম্বর কক্ষে তাকে প্রচারণা চালাতে দেখা যায়।

রাকসু নির্বাচনের আচরণবিধির ধারা ৪/ঝ অনুযায়ী, একাডেমিক ভবনের ভেতরে মিছিল বা সমাবেশ করা এবং শ্রেণিকক্ষে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ।

তবুও জিএস পদপ্রার্থীর ক্লাসরুমে প্রচারণা চালানো নিয়ে অন্যান্য প্রার্থীরা প্রশ্ন তুলেছেন এবং সমালোচনা করছেন।

এ বিষয়ে নাফিউল ইসলাম জীবন জানান, “আমি আরবি বিভাগের শিক্ষার্থী। বিভাগের জুনিয়রদের সঙ্গে বাইরে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তারা জানায়, ফার্স্ট ইয়ারের সিআর বলেছেন বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমাকে ভেতরে যেতে বলা হয়। আমি তখন রুমে গিয়ে মাত্র দুই মিনিট কথা বলেছিলাম। ওই সময় ওদের কোনো ক্লাস চলছিল না।”

প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি জানি না। তবে ক্লাসরুমে প্রচারণার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।