
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দুইজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। পদত্যাগকারীরা হলেন দলের যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে তাঁরা দলের আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র জমা দেন।
সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ জানান, তিনি দীর্ঘদিন ধরে গাজীপুর-৩ আসনে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছেন এবং সেই সূত্রে এনসিপির সঙ্গে যুক্ত হন। তবে তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় নির্বাচনে এনসিপির ব্যানারে অংশ নেবেন না। নির্বাচনে তাঁর পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি অভিযোগ করেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং প্রাক্তন সেনাসদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এ বিষয়ে বারবার জানালেও কোনো পদক্ষেপ নেয়নি দল।
এ ছাড়া অভিযোগ করা হয়, এনসিপি নিজেদের পরিচিত বলয়ের বাইরের কাউকে বিশ্বাস করে না, ফলে দলের হয়ে কাজ করা তাঁদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছিল। সেনাবাহিনীর প্রতি দলের নেতাদের নেতিবাচক মনোভাবই পদত্যাগের মূল কারণ বলে তাঁরা উল্লেখ করেন।