আবিদ-হামিম-মায়েদের আইডি ডিজেবল

image 43

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। এর ঠিক আগের দিন ছাত্রদল মনোনীত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রথমে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, সকালে তার আইডি ডিজেবল হওয়ার পর পুনরায় চালু হয়েছিল। তবে কিছু সময় পর আবারও তা বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে কোনো ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।”

এরপর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের আইডিও অকার্যকর হয়ে যায়। বিষয়টি তানভীর আল হাদী মায়েদ ফেসবুকে জানালে কিছুক্ষণের মধ্যেই তার নিজের আইডিও ডিজেবল হয়ে যায়। যদিও হামিম পরবর্তীতে তার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে সক্ষম হন। তিনি ফেসবুকে লিখেছেন, “বারবার সাইবার আক্রমণের মাধ্যমে আমার আইডি ডিজেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাআল্লাহ, দেখা হবে বিজয়ে।”

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এক বিবৃতিতে বলা হয়, “ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণার সময় কিছু ক্ষেত্রে অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং ও ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে নারী প্রার্থীদের নিয়েও বিভিন্নভাবে সাইবার বুলিং হচ্ছে, যা মানবাধিকারবিরোধী।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তাদের গঠিত আচরণবিধি টাস্কফোর্স ও সাইবার নিয়ন্ত্রণ সেল কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি আইনানুগ পদক্ষেপও গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সাইবার বুলিং বা অপপ্রচারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”