
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বগর জেলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রোববার (৭ সেপ্টেম্বর)।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আদম হামদানি জানান, প্রায় একশ মানুষ কোরআন তেলাওয়াতের জন্য একটি কমিউনিটি হলে জড়ো হয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ভবনটি ধসে পড়ে।
তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয় এবং বহু আহতকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ৮৪ জন চিকিৎসা নিচ্ছেন।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ভিড়ের চাপেই ভবনটি ভেঙে পড়েছে। ভবনটি সাধারণত সভা ও উপাসনার জন্য ব্যবহৃত হতো। উল্লেখ্য, ২০২২ সালে দক্ষিণ কালিমান্তানে তিনতলা একটি মিনি মার্কেট ধসে পাঁচজন নিহত হয়েছিলেন। এছাড়া দুই বছর আগে জাকার্তায় পাঁচতলা একটি ভবনের আংশিক ধসে দুইজন আহত হন।