
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে পরাজয়ের কয়েক সপ্তাহ পর তিনি এ ঘোষণা দেন। রোববার (৭ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিভক্তি এড়াতে ইশিবা পদত্যাগের পথ বেছে নিয়েছেন। জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয়ের পর থেকেই তার পদত্যাগের গুঞ্জন ছিল। যদিও প্রথমে তা অস্বীকার করেছিলেন, অবশেষে কয়েক সপ্তাহ পর নিজেই সিদ্ধান্তের কথা জানালেন।
গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইশিবার নেতৃত্বে এলডিপি পার্লামেন্টের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়। এতে দলটির নীতিগত লক্ষ্য বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে দলের ভেতর থেকেই বিশেষ করে ডানপন্থি নেতাদের পক্ষ থেকে তাকে পদত্যাগের চাপ দেওয়া হচ্ছিল।
প্রতিবেদনে আরও জানানো হয়, শনিবার সন্ধ্যায় জাপানের কৃষিমন্ত্রী ও এক সাবেক প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক করেন এবং তাকে পদত্যাগে রাজি করান।
যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, জাপান সরকার নিশ্চিত করেছে ইশিবা রোববারের পর এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
এ ঘটনা এমন সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ি আমদানির শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বেশিরভাগ জাপানি রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ হবে।