
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
এ বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তিসহ মোট পাঁচ পক্ষ রিভিউ আবেদন করেছেন। বিএনপি ও জামায়াতের আবেদনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আরও কয়েকজন আইনজীবী।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী পাস করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী হাইকোর্টে রিট দাখিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন।
পরে একই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস করা হয় এবং ৩ জুলাই এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি কার্যকর হয়।
তবে ২০২4 সালের ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেন।