ফেনীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার

web 3 3

ফেনীর ফুলগাজী উপজেলায় দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার জসিম উদ্দিনের বাড়ির পুকুরপাড় থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। বিষয়টি বুধবার (২০ আগস্ট) নিশ্চিত করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পুকুরপাড়ে একটি রাখাল প্রথমে গ্রেনেড দুটি দেখতে পায়। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। স্থানীয়দের ধারণা, গ্রেনেডগুলো বহু পুরনো।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, গ্রেনেড উদ্ধারের ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।