চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

web 1 3

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় প্রাণহানি এড়ানো গেছে।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আসিফুল হক জানান, সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে গেলে চালক ও যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান।

ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. শফি আলম (৪৫) কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের বাসিন্দা। তিনি জানান, মজ্জারট্যাক এলাকা থেকে দুই যাত্রী নিয়ে পরৈকোড়ার সত্তারহাট বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় গাড়িতে আগুন ধরে যায়। শফি আলম বলেন, “এটাই ছিল আমার জীবিকার একমাত্র মাধ্যম। গাড়ি পুড়ে যাওয়ায় এখন পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আরিফুজ্জামান শেখ জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ইঞ্জিন হিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে, তবে ৩ লাখ টাকার যন্ত্রাংশ উদ্ধার সম্ভব হয়েছে।