নির্বাচনে অংশ নিলে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

image 32

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, নির্বাচনে অংশ নিলে বর্তমান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করবো বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করবো।”

তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি। এছাড়া, প্রার্থী হলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপি-তে যোগ দেবেন কি না বা স্বতন্ত্র প্রার্থী হবেন কি না, সেটিও অনিশ্চিত।

উপদেষ্টা আসিফের মতে, নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত। তিনি বলেন, “যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম—এরকম না, ইস্যুটা সবার জন্য প্রযোজ্য। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয়, তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না।”