
টানা কয়েকদিনের বৃষ্টির পর আবারও দাপট দেখাচ্ছে তাপমাত্রা। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ইতোমধ্যে ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে আগামী বুধবার (১৩ আগস্ট) মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে এই সময়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে সিলেটে, যা ছিল ৫৮ মিলিমিটার।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে, ফলে গরমের দাপট আরও বাড়তে পারে।