জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব, শারীরিক অবস্থা স্থিতিশীল

83c4f0bf0372398e558d64b48ed037bc 687ba2143f4af

জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) রাতে ধানমন্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালে তিনি যান। সেখানে জামায়াত আমিরের শয্যার পাশে কিছু সময় বসে তার সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। দুই বার পড়ে যাওয়ার পর তিনি বসে বক্তব্য শেষ করেন। সমাবেশ শেষে তাকে সরাসরি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বর্তমানে জামায়াত আমিরের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রয়েছে। হাসপাতালের চিকিৎসকরা প্রয়োজনীয় চেকআপ চালিয়ে যাচ্ছেন।

দলের পক্ষ থেকে শনিবার রাতে তার শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথাও জানিয়েছেন জুবায়ের

/যুবায়ের জারীর, সম্পাদক