
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন— শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংস হামলা ন্যক্কারজনক ও গণতন্ত্রবিরোধী। এটি নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
তিনি আরও বলেন— দেশ এক গভীর রাজনৈতিক সংকট অতিক্রম করছে। জনগণ গণতন্ত্র ও সুশাসনের প্রত্যাশায় সংগ্রাম চালাচ্ছে। এ সময় একটি ভারতপন্থী গোষ্ঠী ও পলাতক নেত্রীর ইন্ধনে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত হচ্ছে। আজকের হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।
মাওলানা জালালুদ্দীন হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন— অতীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও তাদের পৃষ্ঠপোষকদের পরিচয় দেশবাসীর অজানা নয়।
পুলিশের আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন— দেশের আইনশৃঙ্খলা ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে।
তিনি সরকারের প্রতি নিরপেক্ষ ও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ ও ইসলামপ্রিয় জনতাকে বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান— দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রাখার জন্য।
/সম্পাদক, এইচ নিউজ