
কক্সবাজারের চকরিয়ায় এক ভাড়া বাসায় চুরি করার পর পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা হয়েছে। সোমবার (১৪ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওই ভাড়া বাসায় এই ভয়াবহ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। বুধবার (১৬ জুলাই) তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন।

ভুক্তভোগীর স্বামী পুলিশ সদস্যের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও টর্চলাইট। ভেতরে ঢুকে প্রথমেই ওই নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, ঘটনার সময় ঘরে ওই নারীর দুই শিশুসন্তানও ছিল। মায়ের ওপর এই বর্বরতার দৃশ্য দেখে শিশুরা আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার পর পাশের বাসার ভাড়াটিয়ারা কান্নার শব্দ শুনে ছুটে আসেন।
রাতেই ভুক্তভোগীর স্বামী থানায় যোগাযোগ করেন। পরে মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ধর্ষণ, চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন।
ওসি জানান, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।