শিরিন শারমিনকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেনি আদালত

শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

রাজধানীর লালবাগ থানার মামলায় তার দুই দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন। অন্যদিকে শিরীন শারমিনের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত রিমান্ড ও জামিন—দুই আবেদনই নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তাকে আদালতে আনা হয়। শুনানির আগে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছিল।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা ও ৩ নম্বর আসামি শিরীন শারমিন চৌধুরীসহ অন্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কুশীলব ছিলেন। তাদের পরিকল্পনা ও নির্দেশে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের আবেদন করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে অস্ত্রধারীরা হামলা চালায়। এতে আশরাফুল ওরফে ফাহিমের চোখে গুলি লাগে। পরে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫-১২০ জনকে আসামি করে মামলা করেন আশরাফুল।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।