
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হিরোআকি শিগা। রোববার (৫ এপ্রিল ২০২৬) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ও জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে অধ্যাপক হিরোআকি শিগা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।