
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত অতিক্রমে সহায়তা করার অভিযোগে সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিমের (২৩)-এর পুনরায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন। এটি ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের ভিত্তিতে দেয়া হয়। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
ডিবি জানিয়েছে, হাদির হত্যাকাণ্ডে একটি সংঘবদ্ধ চক্র সীমান্ত পারাপারে জড়িত। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের পর প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের অবৈধভাবে সীমান্ত পার হতে সাহায্য করেছেন সিবিয়ন ও সঞ্জয়।