
মাত্র ১২ বছর বয়সেই অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী হিবা আল–সাফাদি। অল্প বয়সেই তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন এবং একই সঙ্গে আয়ত্ত করেছেন সাত কিরাআত। সৌদি আরবে অনুষ্ঠিত কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতার ২৭তম আসরে তার এই সাফল্য বিশেষভাবে সবার দৃষ্টি কাড়ে।
দৃষ্টিপ্রতিবন্ধী বিভাগে অংশ নিয়ে হিবা শাতিবিয়্যা পদ্ধতিতে শুদ্ধ তিলাওয়াতসহ পুরো কোরআনের হিফজ সম্পন্ন করেন এবং পূর্ণ সনদ অর্জন করেন। পাশাপাশি কোরআনের সাতটি স্বীকৃত কিরাআতেও তিনি দক্ষতা অর্জন করেছেন, যা এই বয়সে সত্যিই বিরল ও প্রশংসনীয়।
ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারীসহ বিভিন্ন বিভাগে হাফেজরা নিজেদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পান। দৃষ্টিপ্রতিবন্ধকতা সত্ত্বেও হিবার নিষ্ঠা ও অধ্যবসায় প্রমাণ করেছে, শারীরিক সীমাবদ্ধতা জ্ঞান অর্জনের পথে বাধা হতে পারে না। তার এই যাত্রায় পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের সহায়তা ছিল গুরুত্বপূর্ণ।
হিবা এই প্রতিযোগিতাকে নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, কোরআনের সঙ্গে গভীর সম্পর্কই তাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। তার এই অর্জন বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু–কিশোরদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে, যা প্রমাণ করে আন্তরিক চেষ্টা ও আল্লাহর সহায়তায় যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।