১০ টির বেশি সিম থাকলে বন্ধের নির্দেশ, তাহলে উপায় ?

sim 12

১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন নির্দেশনায় জানিয়েছে। কোনো গ্রাহকের নামে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে গ্রাহক চাইলে প্রয়োজনীয় নম্বরটি পরিবারের অন্য সদস্যের নামে স্থানান্তরের মাধ্যমে সক্রিয় রাখা যাবে বলে জানিয়েছে বিটিআরসির একটি দায়িত্বশীল সূত্র।

গত ৩০ জুন কমিশনের নিয়মিত বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে সক্রিয় রাখতে পারবেন। এই সীমা অতিক্রম করা সিমগুলো আগামী ১ আগস্ট থেকে তিন মাসের মধ্যে নিজের উদ্যোগে বাতিল করতে হবে। এরপরও যদি সীমা না মানা হয়, তবে বিটিআরসি কর্তৃক ব্যবস্থা নেওয়া হবে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ এমদাদ উল বারী জানান, “আমরা চাচ্ছি কেউ যেন হঠাৎ করে সমস্যায় না পড়ে। তাই পর্যাপ্ত সময় দিয়ে এই কাজটি ধাপে ধাপে করতে হবে।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব নম্বর মোবাইল ব্যাংকিং, পারিবারিক বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ—সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। গ্রাহক চাইলে পরিবারের সদস্যদের নামে ওই সিমগুলোর মালিকানা হস্তান্তর করতে পারবেন, যাতে তা বন্ধ না হয়।

প্রথমে ১০টির বেশি সিমধারী গ্রাহকদের তালিকা প্রস্তুত করবে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মের ভেন্ডর প্রতিষ্ঠান। এরপর মোবাইল অপারেটররা তালিকাভুক্ত গ্রাহকদের প্রতি সপ্তাহে এসএমএস পাঠিয়ে নিবন্ধিত সিম সংখ্যা ১০টির মধ্যে আনতে অনুরোধ জানাবে।

বিটিআরসির তথ্যমতে, বর্তমানে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে অতিরিক্ত ৬৭ লাখ সিম সক্রিয় রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে এসব সিমের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এ নিয়ে অনেকেই পারিবারিক এবং অফিসিয়াল কাজে ব্যবহৃত প্রয়োজনীয় নম্বর বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে বিটিআরসি আশ্বস্ত করেছে, প্রয়োজনীয়তা অনুযায়ী মালিকানা পরিবর্তন করে নম্বরগুলো সচল রাখা যাবে, যাতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বিঘ্নিত না হয়।