
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত জনপ্রিয় হিন্দু তীর্থস্থল মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত ও আরও ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) গভীর রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, মন্দিরে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে উপস্থিত হাজার হাজার ভক্তের মাঝে হঠাৎ আতঙ্ক দেখা দেয়। লোকজন প্রাণ বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করলে মন্দিরের সিঁড়িতে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। এ সময় অনেকে পড়ে গিয়ে পদদলিত হন।
পুলিশ জানায়, পদদলিত হয়ে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এই দুর্ঘটনা দেশজুড়ে ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।