
সম্প্রতি জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে নিয়ে একটি বিব্রতকর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবরটি দাবী করে, মিরপুরে এক মারামারির ঘটনায় তাসকিন জড়িত ছিলেন। তবে বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পুলিশ।
তাসকিন নিজেই এই প্রসঙ্গে বলেন, “এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে। কিন্তু আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।”
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, “তাসকিন আমাদের জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সে সরাসরি জড়িত নয়। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে, কিন্তু তাসকিন সম্পূর্ণরূপে এই ঘটনার বাইরে।”
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও তাসকিনের নির্দোষ থাকার বিষয়ে মত দেন। তিনি বলেন, “আমি যতটুকু জানি তাসকিন এখানে যুক্ত ছিল না। আমরা ক্রিকেটার ও পুলিশের সাথে কথা বলেছি। কারো কাছে কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপন করা যেতে পারে।”
মিরপুর মডেল থানা পুলিশও ঘটনার সত্যতা সম্পর্কে সতর্ক অবস্থান নিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, “তাসকিনের এক বাল্যবন্ধু অভিযোগ করেছেন। তারা একে অপরের পরিচিত। আজ ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষির অভিযোগ করা হয়েছে। তবে মারধরের কোনো নির্দিষ্ট তথ্য লেখা হয়নি। বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়নি, বরং অভিযোগ হিসেবে নেওয়া হয়েছে এবং আমরা তদন্ত করছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “যিনি অভিযোগ করেছেন, তিনি নিজেই আবার থানায় আসছেন। দেখা যাক তিনি কী বলেন।”
সব মিলিয়ে, তদন্তের আগে কোনো চূড়ান্ত মন্তব্য না করতে পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তাসকিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।