
মালয়েশিয়া থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে থাইল্যান্ডের উপকূলে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি সিলয়েড আর্ক’, যার দৈর্ঘ্য প্রায় ১১৫ মিটার। জাহাজটিতে বাংলাদেশি আমদানিকারকদের মোট ২৯৭ একক কনটেইনার পণ্য ছিল। এটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছিল, তবে যাত্রার দুই দিনের মধ্যেই থাইল্যান্ড উপকূলের কাছে দুর্ঘটনার শিকার হয়।
বাংলাদেশে জাহাজটির স্থানীয় এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশের ব্যবস্থাপক মো. মুকুল হোসেন জানান, ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি হঠাৎ কাত হয়ে পড়ে এবং পরে ডুবে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌযান এবং থাই নেভির উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার অভিযান চালায়। এতে জাহাজে থাকা ১৬ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া নাবিকদের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে।