
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। একই সঙ্গে সাতটি হলের প্রভোস্টরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে উপাচার্য তাঁর পদত্যাগপত্র জমা দেন।
এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন।
এর আগের দিন শুক্রবার (৯ আগস্ট) উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন ও শিক্ষা), প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ, সব হলের প্রভোস্ট এবং সিনেট–সিন্ডিকেট সদস্যদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত ওই সমাবেশে দুই দফা দাবি উত্থাপন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিও জানান।