
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় মোট গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি, যেখানে প্রত্যেক কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাধারণ ৫১৭টি ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ ৩৭ কেন্দ্রে সাতজন করে পুলিশ থাকবে এবং বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
তিনি আরও জানান, নির্বাচনের জন্য ডিএমপির ২৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।