
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে “গণহত্যা” বলে আখ্যা দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধী।
এমনকি গাজায় গণহত্যা ইস্যুতে ভারতের মোদি সরকারের কঠোর সমালোচনাও করেছেন তিনি। সোনিয়া বলেছেন, মানবতার ওপর এই আঘাতে মোদি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা আমাদের সংবিধানিক মূল্যবোধের কাপুরুষোচিত বিশ্বাসঘাতকতা।
মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
হিন্দি পত্রিকা ‘দৈনিক জাগরণ’ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে সোনিয়া গান্ধী বলেন, ইসরায়েলের ধারাবাহিক ও ভয়াবহ হামলার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “লজ্জাজনক নীরবতা” অত্যন্ত হতাশাজনক এবং এটি “নৈতিক কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ”।
তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের বর্বর আক্রমণ এবং পরবর্তীতে ইসরায়েলি জিম্মিদের আটকে রাখা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়, বরং বারবার এবং নির্বিশেষে নিন্দা করা উচিত। তবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য এবং সর্বোপরি মানবিক দৃষ্টিকোণ থেকে গাজার সাধারণ জনগণের ওপর ইসরায়েল সরকারের প্রতিশোধমূলক হামলাগুলো চরম মাত্রার অপরাধ।
সোনিয়া গান্ধীর ভাষ্য অনুযায়ী, গত প্রায় দুই বছরে ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৭ হাজার শিশু রয়েছে। হাসপাতালসহ গাজার অধিকাংশ আবাসিক ভবন বিমান হামলায় ধ্বংস হয়েছে এবং সামাজিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে।
তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হয়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী খাদ্য, ওষুধ ও জ্বালানির প্রবেশ ঠেকাতে অবরোধ তৈরি করেছে। তাদের এই কৌশলটি মানবসৃষ্ট ট্র্যাজেডিতে পরিণত হয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধ।
সোনিয়া গান্ধী অভিযোগ করেন, এই বিপর্যয়ের মধ্যেও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণ সহযোগিতা ইসরায়েল হয় প্রত্যাখ্যান করছে, নয়তো প্রতিহত করছে। তিনি আরও বলেন, খাবারের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনারা গুলি ছুড়েছে, যা জাতিসংঘসহ ইসরায়েল নিজেও স্বীকার করেছে।