উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের তদন্তে সরকারের ৯ সদস্যের কমিশন গঠন

6fffae81 2c22 4f05 9cd4 33ab4dd1c0e8

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনকে আগামী চার সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমিশন এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ, দায়দায়িত্ব, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিরূপণ করবে।

কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান। সদস্যরা হলেন—

বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মনোনীত)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মনোনীত)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মনোনীত)

ঢাকার বিভাগীয় কমিশনার

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান

বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান

আইনজীবী আশরাফ আলী

রাষ্ট্রপতির নির্দেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশন ২১ জুলাই সংঘটিত দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে স্কুলের ছাত্র, শিক্ষক ও অন্যান্য ব্যক্তির জীবনহানি ও আহত হওয়া, পাশাপাশি আর্থিক ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ নিরূপণ করবে।

এ ঘটনায় আহতদের অনেকেই এখনও চিকিৎসাধীন রয়েছেন, বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে। ইতিমধ্যে দুইজনকে ছাড়পত্র দেওয়া হলেও গুরুতর অবস্থায় রয়েছেন আরও ৩৪ জন।

এই ঘটনার পর দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।