জাবেরের ঢাকা দক্ষিণ মেয়র প্রার্থী হওয়া ঘোষণা

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার প্রার্থিতার ঘোষণা দেন। জানা গেছে, আব্দুল্লাহ আল জাবের গত জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ওই অভ্যুত্থান থেকে অনুপ্রাণিত হয়ে গঠিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চে তিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ছিলেন শরীফ ওসমান বিন হাদি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট হামলাকারীদের আক্রমণে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সংগঠনটির লক্ষ্য হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠন করা।

আব্দুল্লাহ আল জাবেরের প্রার্থিতা ঘোষণার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র ও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। আগামী সময়ে তার নির্বাচনী ইশতেহার ও প্রচারণা কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।