
ভোলা উপজেলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভোট দিতে আসা লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে প্রায় দেড় ঘণ্টা ভোট বন্ধ থাকে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভোলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত স্কুল গেটে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ৬০–৭০ জন ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট ছিনতাই এবং সিল মারার চেষ্টা করে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়ার আগেই দুর্বৃত্তরা ব্যালট পেপার রেখে পালিয়ে যায়। ৭৬টি ব্যালট বাতিল করা হয়েছে, যাদের মধ্যে অনেক ব্যালটে উল্টো সিল বা গরুর গাড়ি প্রতীকে সিল দেওয়া ছিল। এছাড়া ৫৬টি ব্যালট ছিনতাই করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে দুপুর ৩টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। তবে এই কেন্দ্রটিতে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করেছিল। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ।