
ফেনী শহরে ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের মোকছেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য ছিলেন। লিপি সোনাগাজী উপজেলার কাছিম বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণায় নিয়মিত সক্রিয় ছিলেন তিনি। রাজনৈতিক ব্যস্ততার কারণে ১৩ বছর বয়সী কন্যাসন্তানকে মায়ের বাসায় রেখে দেন। বুধবার তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া না পেয়ে স্বজনরা বাসায় যান এবং দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে পাশের ভবনের জানালা দিয়ে দেখা যায়, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছোট বোন পিংকি জানান, তিনি আগে লিপির সঙ্গেই ওই বাসায় থাকতেন, তবে পাঁচ দিন আগে নিজ বাসায় চলে আসেন। প্রবাসী স্বামীর সঙ্গে কোনো বিরোধ ছিল না বলেও তিনি জানান।
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা বলেন, লিপির রাজনৈতিক পথচলা তার হাত ধরেই শুরু। সব কর্মসূচিতে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সর্বশেষ ৯ ফেব্রুয়ারি তার সঙ্গে কথা হয়েছিল। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিশ্চিত নন বলে জানান তিনি এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ ছিল। শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।