ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা প্রেসিডেন্ট?

image 75

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের ‘শত্রু’ আখ্যা দিয়ে কথিত ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন।

দেশটির অতি-জাতীয়তাবাদী হিসেবে পরিচিত সরকারি ওয়েবসাইট ‘মিরোৎভোরেৎস’-এর বরাতে এ তথ্য জানা গেছে। সাধারণত যাদের ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বা শত্রু হিসেবে বিবেচনা করা হয়, তাদের ব্যক্তিগত তথ্য ও পরিচয় এই সাইটে প্রকাশ করা হয়।

মিরোৎভোরেৎসের ডাটাবেজে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতা’ করে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের ‘মানবিক ও বেসামরিক আগ্রাসন’ চালাচ্ছেন। পাশাপাশি তার বিরুদ্ধে রুশ প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও তোলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেছিলেন। এটিকে তার নাম তালিকাভুক্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার দলগুলোকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, রুশ দলকে বয়কট করে ফুটবলের কোনো উন্নতি হয়নি; বরং এতে আন্তর্জাতিক অঙ্গনে ঘৃণা ও হতাশা বেড়েছে।

এই মন্তব্যের পর ইউক্রেনের রাজনীতিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা কড়া প্রতিক্রিয়ায় ফিফা প্রেসিডেন্টকে ‘নৈতিকভাবে বিচ্যুত’ বলে আখ্যা দেন।

সূত্র: আরটি