
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, গত ১৬ বছরে আপনার পরিবার ও দলের প্রতি যেভাবে নির্যাতন হয়েছে, তা ভুলে গেলে আবারও বিপদ অপেক্ষমান হবে। তখন আমরা আপনাদের পাশে থাকব না।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারের (শাপলা কলি প্রতীক) নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “ভারত আমাদের দমন করতে চেয়েছিল, কিন্তু জুলাইয়ের গণ-অভ্যুত্থান সেই আগ্রাসী মনোভাব ভেঙে দিয়েছে। এই পথসভা শুধু নির্বাচনী প্রচারণা নয়, এটি ঘাটাইলের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক সংহতি সমাবেশ। ১১ দলীয় ঐক্যজোটের জোয়ার ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে।” তিনি আরও বলেন, ইশতেহারে বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদরা এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচারের নিশ্চয়তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোট গঠিত হয়েছে। শাপলা ও বিডিআর গণহত্যার বিচারও দেশের মাটিতে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
ভোটারদের সচেতন করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের সময় নগদ অর্থের প্রলোভন দেখা যাচ্ছে। এই টাকার বিনিময়ে ভোট বিক্রি করলে ভবিষ্যতে সন্তানহারা, বাবাহারা বা স্বামীহারা হওয়ার সম্ভাবনা আছে। ভোট বিক্রি করলে আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্য নির্ধারিত হবে। কিছু রাজনৈতিক দল কৃষকদের ঋণ মওকুফ বা কার্ড দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। তাই সুন্দর, স্বচ্ছ ও ন্যায়ের সমাজ গড়তে ভোটের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি ঘাটাইলবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় এছাড়া বক্তব্য রাখেন এনসিপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার, জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।