শবে বরাত: মুসলমানদের জন্য বিশেষ রাতের আগমন

image 13

শবে বরাত: মহিমান্বিত রাতের আগমন

শবে বরাত ফারসি শব্দ। ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবিতে এটিকে বলা হয় লাইলাতুল বরাত, অর্থ ‘সৌভাগ্য রজনী’। ইসলামের হাদিস অনুযায়ী, মহান আল্লাহ এই রাতে বান্দাদের পাপ ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন এবং কল্যাণ প্রদান করেন। হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি প্রতিবছর মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে।

শবে বরাত পালনের ইতিহাসে জানা যায়, নবীজি মুহাম্মদ সা. একদিন গভীর রাত্রে দীর্ঘক্ষণ নামাজ ও সেজদা করছিলেন। হজরত আয়েশা রা. নবীজিকে দীর্ঘ সেজদা করতে দেখে ভেবেছিলেন তিনি হয়তো ইন্তেকাল করেছেন। সন্দেহ দূর করতে তিনি নবীজির আঙুল নেড়ে পরীক্ষা করেন। নবীজি তখন আয়েশাকে জানালেন, “আজকের রাত অর্ধ শাবানের রাত। মহান আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন, পাপ ক্ষমা করেন, অনুগ্রহ দান করেন এবং বিদ্বেষপূর্ণদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দেন।”

শবে বরাত উদযাপনের মূল উদ্দেশ্য আনন্দ নয়, বরং ইবাদত ও আত্মশুদ্ধি। শাবান মাসটি রমজানের আগের মাস হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। নবীজি এই মাসে বেশি রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামও এর মাধ্যমে ইবাদতে অংশ নিয়েছেন।

ইসলাম ধর্মে বিশেষ রাতের মধ্যে শবে বরাত, শবে কদর, দুই ঈদের রাত এবং আশুরার রাত অন্তর্ভুক্ত। এই পাঁচ রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম বলে হাদিসে উল্লেখ আছে। এভাবে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদের অন্যান্য উম্মতের ওপর বিশেষ মর্যাদা প্রদান করেছেন।