শনিবার টাঙ্গাইল যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

image 271

শুক্রবারের পরে শনিবার টাঙ্গাইলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গ সফরের পর এই প্রথম নির্বাচনী প্রচারণায় তিনি টাঙ্গাইলে অংশ নিচ্ছেন। তার আগমনের প্রস্তুতি হিসেবে জেলা-উপজেলায় ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জানা যায়, উত্তরবঙ্গ সফরের পর শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দরুন বাইপাস এলাকায় তিনি পথসভা করবেন। ইতোমধ্যে মঞ্চের কাজ প্রায় শেষ হয়েছে এবং সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

পথসভা শেষে তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে দরুন এলাকা পর্যন্ত মহাসড়কের দুপাশে নেতাকর্মীরা তাদের প্রিয় চেয়ারম্যানকে স্বাগত জানাবেন।

সফরকে ঘিরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও দলের শীর্ষ নেতারা মাঠে সক্রিয় রয়েছেন। নেতাকর্মীরা সভাস্থল পরিদর্শন এবং প্রস্তুতিতে ব্যস্ত। সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ও কৌতূহল দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও এলাকাটি পরিদর্শন করেছেন।

দীর্ঘদিন পর সরাসরি তারেক রহমানকে দেখার আনন্দ নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “চেয়ারম্যানের আগমনে নেতাকর্মীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস দেখা গেছে। প্রিয় নেতার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

বিশেষজ্ঞরা মনে করছেন, তারেক রহমানের এই বড় রাজনৈতিক সফর টাঙ্গাইলের রাজনীতি ও নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।