শেরপুরে এএসআইর ঝুলন্ত মরদেহ উদ্ধার

image 268

শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তার বিপি নম্বর ছিল ৮৫০৫১০৪০০৪।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষে সকাল সাড়ে ৮টায় তিনি বাসায় ফিরেন। পরবর্তী সময়ে বেলা ১১টার দিকে তার স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে নিয়ে জামালপুরের নান্দিনা এলাকায় বাবার বাড়িতে যান। দুপুর ২টার দিকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে শাহিনুল ইসলাম ফোন রিসিভ করেননি। পরে রাত ১১টার দিকে স্ত্রী ও তার ভাই শেরপুরে ভাড়া বাসায় ফিরে এসে প্রধান দরজাটি ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। পেছনের জানালা দিয়ে দেখা যায়, জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহিনুল ইসলাম ঝুলন্ত ছিলেন।

পরবর্তীতে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলা পুলিশ ও শেরপুর সদর থানা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রাথমিক ধারণা, দুপুর ২টা থেকে রাত ১১টার মধ্যে শাহিনুল ইসলাম আত্মহত্যা করেছেন। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চরম মানসিক অবসাদে এই পথ বেছে নেওয়া হতে পারে।

শেরপুর সদর থানা জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।