
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৫ জানুয়ারি) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে মোট ১৮ হাজার ২০০ জন প্রবাসীকে আটক করা হয়। এই অভিযান ছিল দেশজুড়ে চলমান আইনশৃঙ্খলা কার্যক্রমের অংশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১ হাজার ৪৪২ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৯৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৮২৭ জন রয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও এক হাজার ৭৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান নাগরিক, বাকিরা ইয়েমেনসহ অন্যান্য দেশের।
একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার অভিযোগে ৪৬ জন প্রবাসীকেও আটক করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১১ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ২৩ হাজার ৪৪৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৪ জন নারী। গ্রেপ্তারদের মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
এছাড়া আরও ৩ হাজার ১১ জনকে প্রত্যাবাসনের চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ১৪ হাজার ৪৫১ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছেন। সৌদি গণমাধ্যমে নিয়মিতভাবেই অবৈধ প্রবাসী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তারের খবর প্রকাশিত হচ্ছে।
সূত্র: গালফ নিউজ