
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী কৌশল স্পষ্ট করেছে। দলটি জানিয়েছে, যেসব আসনে তাদের প্রতীক ‘হাতপাখা’ থাকবে না, সেখানে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির মধ্য থেকে সৎ, যোগ্য ও জনসমর্থনসম্পন্ন প্রার্থীকে আলোচনার মাধ্যমে সমর্থন দেওয়া হবে।
রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আদর্শিক সমীকরণ বিবেচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে।
তিনি বলেন, বাকি ৩২টি আসনে দলীয় প্রার্থী না দিয়ে ভিন্ন কৌশল গ্রহণ করা হবে। এসব আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে যিনি সৎ, যোগ্য ও জনগণের প্রতি দায়বদ্ধ, তাকে সমর্থন দেওয়া হবে। তবে এই সমর্থন পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই চূড়ান্ত হবে।
তিনি আরও জানান, ২০ জানুয়ারির পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হবে। সে সময় হাতপাখা প্রতীকবিহীন ৩২টি আসনে ইসলামী আন্দোলনের অবস্থান ও সমর্থনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।