
ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম হুমাইরা আক্তার মিম (১৬)। তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন। তার বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামে। তিনি ওই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে।
পুলিশ জানায়, হুমাইরা আক্তার মিমের মরদেহের পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল—
“Result দেওয়ার জন্য আমার জন্ম তো, এই না? শুধু ভালো Result দেওয়ার বিনিময়েই তো আমার বড় হওয়া।”
চিরকুটের ইংরেজি অংশে লেখা ছিল, “So, I am giving you my last result.”
পারিবারিক সূত্রে জানা গেছে, হুমাইুন কবির ও তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। তাদের দুই সন্তান চাচার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। শুক্রবার রাতে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে মিম নিজ ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে খাবারের জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। নিহত শিক্ষার্থীর বাবা-মা আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।