ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল ছড়িয়েছে। রাজ্যের বিশ্ববিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে জ্বলছে, খবর দিয়েছে এনডিটিভি।
পরিস্থিতি এতটাই শঙ্কাজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার মাঠে নামানো হয়েছে। দাবানল এত বিস্তীর্ণ যে মহাকাশের স্যাটেলাইট থেকেও লেলিহান শিখা দেখা যাচ্ছে।
সূত্রের খবর, জানুয়ারির শুরু থেকেই আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর হিমালয়ের এই অঞ্চলে শীতকালে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি। তীব্র শুষ্কতার কারণে মাটি ও গাছপালা শুকিয়ে গিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। এর ফলে দুর্গম পাহাড়ি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’ উত্তরাখণ্ডের জন্য ১ হাজার ৬০০-এর বেশি সতর্কবার্তা জারি করেছে।
পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে, যা এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুন হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করছে এবং ভূমিক্ষয় ও ধসের সম্ভাবনাও বহুগুণে বেড়ে গেছে।
ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও দাবানলের ভয়াবহ রূপ ধরা পড়েছে। কোপারনিকাস সেন্টিনেল-২ মিশন মহাকাশ থেকে ২০২৫ সালের ৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের দাবানলের ছবি তুলেছিল। তবে ২০২৬ সালের জানুয়ারিতে পরিস্থিতি তেমন বদলায়নি; বরং নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশ নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে।
