আজ পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের এক মহিমান্বিত এই রাত

image 134

আজ পবিত্র শবে মেরাজ—ইসলাম ধর্মের এক মহিমান্বিত ও বরকতময় রাত। ইবাদত ও প্রার্থনার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পালন করছেন। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭ রজব রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহর বিশেষ দিদার লাভ করেন। এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

মহান আল্লাহর হুকুমে বিশেষ বাহন বুরাকে আরোহন করে মহানবী ঊর্ধ্বাকাশে সফরের অনন্য মর্যাদা লাভ করেন। এই অলৌকিক সফরই মেরাজ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুরসহ আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন। এ কারণেই শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় এক রাত।

এই পবিত্র রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় মুসলমানরা কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ আদায় করেন এবং নানা ইবাদত ও বন্দেগিতে মশগুল থাকেন। শবে মেরাজ উপলক্ষে মসজিদগুলোতে বিশেষ দোয়া ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ঘরে ঘরে ইবাদতের পরিবেশ বিরাজ করছে। এ রাতে মুসলমানরা আল্লাহর রহমত, মাগফিরাত ও ক্ষমা প্রার্থনা করেন।