
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের পর কী করবেন, তা নিয়ে জনমনে কৌতূহল ছিল। এবার তিনি নিজেই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে ড. ইউনূস জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি খাতে কাজ চালিয়ে যাবেন।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ড. ইউনূসের পরিকল্পনা অনুযায়ী তিনি ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টির সম্প্রসারণ এবং থ্রি জিরো উদ্যোগ এই তিনটি ক্ষেত্রে কাজ চালিয়ে যাবেন।
ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবারের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারবেন।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির দীর্ঘদিনের উদ্যোগ আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়া হবে।
তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত থ্রি জিরো উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ড. ইউনূস জাপানের ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ সফরও ফাউন্ডেশনের পক্ষ থেকে। বৈঠকে শিনজো আবের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং নানা স্মৃতিও স্মরণ করা হয়।
ড. ইউনূস জানিয়েছেন, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য তিনি জাপান সফরে যাবেন এবং এই খাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন।