নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, ৮ জন দগ্ধ

image 90

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধদের মধ্যে রয়েছেন প্রকৌশলী তারেক (২৬), মেকানিক মো. খোরশেদ (৩৫), মেকানিক ফেরদৌস (৩৫), অপারেটর মো. মঞ্জুর (২৮), অপারেটর হাবিব (৪৩), অপারেটর মো. রাকিবুল (২৫) এবং গাড়িচালক মো. হান্নান (৪৬)।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে বিস্ফোরণ হয়। এ সময় দগ্ধরা কারখানার ফটকের সামনে এসে আর্তনাদ করতে থাকে। পরে কারখানার কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান।

কারখানার ব্যবস্থাপক মো. শুভ জানিয়েছেন, বিস্ফোরণে কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে এবং হিট এক্সচেঞ্জার মেশিনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় বলেন, “বিস্ফোরণের খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। দগ্ধরা নিরাপদে উদ্ধার করা হয়েছে।”

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয় যে বয়লার বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।