ইরানে আন্দোলনে রক্তপাত, ১০ দিনে নিহত ৩৬

image 69

ইরানে চলমান আন্দোলনে গত ১০ দিনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৬০ জন। পাশাপাশি সংঘাত ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৭৬ জনকে।

মঙ্গলবার ইরানভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।

হারানার প্রতিবেদনে বলা হয়, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টি প্রদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এসব প্রদেশের ৯২টি শহরের অন্তত ২৮৫টি স্থানে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

মূলত ইরানি মুদ্রা রিয়ালের অব্যাহত অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে দোকানমালিকরা ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। পরদিন ২৯ ডিসেম্বর এই আন্দোলনে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ফলে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করে।

এরই মধ্যে গত ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিক্ষোভ দমনে সরকার যদি কঠোর পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ‘যে কোনো সময় ইরানে’ সামরিক অভিযান চালাতে পারে। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরান সরকার কিছুটা সতর্ক অবস্থান নেয়।

দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ইরান কখনোই শত্রুদের কাছে নতি স্বীকার করবে না।

এদিকে ইরানের বিচারমন্ত্রী গোলাম হোসেনইন মোহসেনি গত ৫ জানুয়ারি এক বিবৃতিতে বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ আখ্যা দিয়ে বলেন, সরকার জনগণের অভিযোগ শুনতে প্রস্তুত রয়েছে, তবে আন্দোলনের ক্ষেত্রে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সহিংসতায় জড়ানো যাবে না।