এনসিপিতে আনুষ্ঠানিক যোগদান আসিফ মাহমুদের

image 248

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। দলটিতে তিনি মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

দলীয় সূত্রে জানা যায়, আসিফ মাহমুদ গতকাল পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। এর মধ্যেই তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন, যা ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়।