লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিসের ইন্তেকাল

image 246

ঢাকার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা আব্দুর রহিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৮ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর মাদ্রাসার নিজ কক্ষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লালবাগ মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস।

মাওলানা আব্দুর রহিম পাঁচ ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) জোহরের নামাজের পর কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জে তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মাওলানা আব্দুর রহিম ১৯৪১ সালের ৫ জুলাই কুমিল্লার মুজাফফরগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত আইয়ুব আলি। মাওলানা আব্দুর রহিম কুমিল্লার প্রখ্যাত মুরুব্বি মাওলানা শেখ জী (রহ.)-এর কাছে শিক্ষা জীবন সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকায় আসেন এবং লালবাগ মাদ্রাসার মুরুব্বি সদর সাহেব হুজুর (রহ.)-এর তত্ত্বাবধানে শিক্ষাজীবন এগিয়ে নেন।

মাওলানার বড় ছেলে মুফতী সাঈদ আহমাদ জামিয়া রহমানিয়া আরাবিয়ার নায়েবে মুফতী হিসেবে কর্মরত আছেন। দ্বিতীয় ছেলে মাওলানা ফরিদ আহমাদ জামিয়া কুরআনিয়া আরাবিয়ার মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তৃতীয় ছেলে মাওলানা শিব্বির আহমাদ ঢালকানগর মাদ্রাসার শিক্ষক, এবং চতুর্থ ও পঞ্চম ছেলে মাওলানা মোক্তার ও মাওলানা শরীফ ঢাকার দুই প্রখ্যাত মাদরাসায় শিক্ষকতা করছেন।

বড় ছেলে নায়েবে মুফতী সাঈদ আহমাদ দেশবাসীর কাছে তার পিতার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন।