রমজানেও চালু থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় ছুটি বাতিল

image 242

আগামী ২০২৬ শিক্ষাবর্ষের জন্য দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকায় মোট ছুটি ১২ দিন কমানো হয়েছে। এতে শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময়জুড়ে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২১ রমজান পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ২৮ দিন ছুটি ছিল। কিন্তু ২০২৬ সালে এসব উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে যেখানে আগে ১৫ দিনের ছুটি ছিল, সেখানে এবার তা কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশ থেকেও একদিন ছুটি কমানো হয়েছে।

যেসব দিবসে ছুটি থাকছে না

২০২৬ সালের ছুটির তালিকায় যেসব দিবসে আর ছুটি থাকছে না, সেগুলো হলো—
পবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া।

তবে এবার পবিত্র শবে বরাত, বৈসাবি উৎসব এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগে ছুটি না থাকলেও নতুন তালিকায় এসব দিবসে একদিন করে ছুটি যুক্ত করা হয়েছে।