
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার সারা দেশের আটটি বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এই কর্মসূচি শুরু হবে।
শনিবার রাত সাড়ে ১১টায় শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। তিনি জানান, রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একযোগে আটটি বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর ঢাকাসহ আট বিভাগে রোববার দুপুর ২টা থেকে অবরোধ কার্যক্রম শুরু হবে।
শাহবাগে সমবেত সমর্থকদের উদ্দেশে আবদুল্লাহ আল জাবের বলেন, যারা আজ অংশ নিয়েছেন, তারা যেন আগামীকালও শাহবাগে উপস্থিত থেকে ইনসাফের এই আন্দোলন চালিয়ে যান।
তিনি আরও বলেন, কোনো ধরনের প্ররোচনা বা চাপের মুখে এই অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হবে না। তার দাবি, এই অবরোধ কেবল হাদি হত্যার বিচারের দাবিতেই নয়, বরং এটি ‘ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার’ আন্দোলনের অংশ।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তাহলে তাকেও তারা গ্রহণ করবেন না। ইনসাফের আন্দোলনে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।