মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে

image 224

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩২ জন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভেরাক্রুজ রাজ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বড়দিনের উৎসব চলাকালে ভেরাক্রুজ রাজ্যের জন্তেকোমাটলান শহরে দুর্ঘটনাটি ঘটে। রাজধানী মেক্সিকো সিটি থেকে চিকনটেপেক গ্রামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়।

জন্তেকোমাটলান শহরের মেয়রের দপ্তর জানায়, নিহতদের মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু। আহত ৩২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, যানবাহনের কারিগরি ত্রুটি ও অতিরিক্ত গতির কারণে মেক্সিকোতে প্রায়ই বাস ও ট্রাক দুর্ঘটনা ঘটে। এর আগে গত নভেম্বরে মিকোয়াকান রাজ্যে একই ধরনের দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিল।