
হালকা থেকে মাঝারি কুয়াশার মধ্য দিয়ে শুরু হয়েছে রাজধানী ঢাকার সকাল। শীতের প্রভাব অব্যাহত থাকলেও আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টা ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পরিস্থিতিতে এই তথ্য জানানো হয়।
সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে এবং দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।