
সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। তিনি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সে ক্ষেত্রে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার জন্য সারা দেশের স্বাধীনতাকামী মজলুম জনতার প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানায়।
পোস্টে বলা হয়, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে। এ অবস্থায় তার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে বলা হয়, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবা দান করেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, যদি ওসমান হাদি শহীদ হন, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে স্বাধীনতাকামী মজলুম জনতাকে শাহবাগে সমবেত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
এ ছাড়া ইনকিলাব মঞ্চ জানায়, খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং প্রয়োজনে সারা দেশ অচল করে দেওয়া হবে। অভিযুক্তরা ভারতে পালিয়ে গেলে, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়।